সোহেল রানা,
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর টিটিসি মিলপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাব্বির (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাব্বির স্থানীয় বাসিন্দা শাহিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মিলপাড়া এলাকায় সাব্বিরের সঙ্গে জেসন নামে এক যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কথা কাটাকাটি তর্ক-বিতর্কে রূপ নেয়। এতে উত্তেজিত হয়ে জেসন তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাব্বিরের বুকে আঘাত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাব্বিরকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীর সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত জেসনকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক চেতনার কন্ঠ