আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন
অনুষ্ঠানের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ইমাম ও খতিবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমান। এতে উপজেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম ও খতিব অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আহসানুল্লাহ কাসেমী, ঈশ্বরগঞ্জ উপজেলা ইসলামি ফাউন্ডেশনের শিক্ষক সমিতির সভাপতি মাওলানা জিয়াউল হক, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান এবং জাতীয় ইমাম সমিতির ১০ নম্বর তারুন্দিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা রুহুল আমিনসহ অন্যান্যরা।
সভায় ইউএনও সানজিদা রহমান গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, সমাজে ইমাম ও খতিবদের রয়েছে ব্যাপক প্রভাব, যার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গণভোট ও নির্বাচন সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের গুজব, উসকানি কিংবা সহিংসতায় জড়ানো থেকে বিরত থাকতে হবে। সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট আয়োজন করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে পাঠবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান ফারুকীর পরিচালনায় দেশ, জাতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।