সোহেল রানা,
স্টাফ রিপোর্টার
নওগাঁ জেলার মান্দা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ১৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিলসহ তিনজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিএসসি।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার একটি গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন র্যাব-৫’র অভিজ্ঞ একটি আভিযানিক দল। দীর্ঘ সময় নজরদারির পর সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়, যা অবৈধভাবে মজুদ ও সরবরাহের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে মান্দা ও আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তাদের একটি সক্রিয় মাদক চক্রের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব কর্মকর্তারা জানান, মাদক ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৫’র এ সফল অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ