কচাকাটা প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটা বাজারে ভোটের দিনের নির্বাচনী আমেজ ছাপিয়ে এক ব্যবসায়ীর ‘অনৈতিক কর্মকাণ্ড’ এখন টক অব দ্য টাউন। আয়েশা বোরকা হাউসের ভেতর এক নারীসহ মালিক মো. শাহিন আলমকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার (ভোটের দিন) সকাল পর্যন্ত তারা দোকানের ভেতর তালাবদ্ধ অবস্থায় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গাবতলা মোল্লাপাড়া গ্রামের মো. জলিল উদ্দিনের ছেলে ও আয়েশা বোরকা হাউসের স্বত্বাধিকারী মো. শাহিন আলম গত বুধবার রাতে এক নারীকে নিয়ে গোপনে তার দোকানে প্রবেশ করেন। ভেতরে ঢুকেই তিনি দোকানের শাটার নামিয়ে দেন। বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে এলে তারা নজরদারি শুরু করেন।
সারারাত তারা দোকানের ভেতরেই অবস্থান করেন। আজ (ভোটের দিন) সকালে বাজারের লোকজন বিষয়টি নিশ্চিত হওয়ার পর দোকানের সামনে ভিড় করেন। পরে শাটার খোলা হলে দুজনকে ভেতরে একসাথে পাওয়া যায়। সকালবেলা এমন অবস্থায় তাদের হাতেনাতে ধরা পড়তে দেখে বাজারে ব্যাপক চাঞ্চল্য ও উত্তজনা সৃষ্টি হয়।
নির্বাচনের সকালে এই খবর ছড়িয়ে পড়লে ভোটকেন্দ্রের আশপাশ ও বাজারের চায়ের দোকানগুলোতে মুখরোচক আলোচনা শুরু হয়। ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারের মতো একটি জনাকীর্ণ জায়গায় দোকানের ভেতর এমন অনৈতিক কাজ মেনে নেওয়া যায় না।
স্থানীয়রা এই ঘটনার সামাজিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে এই বিষয়ে অভিযুক্ত শাহিন আলমের কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এলাকাটিতে বর্তমানে টানটান উত্তেজনা বিরাজ করছে।
দৈনিক চেতনার কন্ঠ