’
জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাধারণ ভোটারদের সচেতন করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। “দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্যকে সামনে রেখে এই কার্যক্রমের মাধ্যমে ভোটের গুরুত্ব ও সঠিক ভোট প্রদানের বিষয়ে জনসচেতনতা তৈরি করা হচ্ছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বিষয়ক এই প্রচারণামূলক গাড়ির কার্যক্রম শুরু হয়। এর আগে শনিবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে গাড়িটি উপজেলা পরিষদ চত্বরে এসে পৌঁছায়। রবিবার দিনব্যাপী গাড়িটির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে গণভোট, সংসদ নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
উল্লেখ্য, এই ভ্রাম্যমাণ ভোটের গাড়িটি কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রচারণা চালায়নি। বরং যোগ্য ও দক্ষ প্রার্থী নির্বাচনের গুরুত্ব সম্পর্কে ভোটারদের অবহিত করা হয়।
জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভ্যান’ বহরের একটি বিশেষ গাড়িতে ডিজিটাল ডিসপ্লে, শক্তিশালী সাউন্ড সিস্টেম এবং বিভিন্ন তথ্যবহুল ভিডিও কনটেন্ট সংযুক্ত রয়েছে। এসব কনটেন্টের মাধ্যমে ভোট দেওয়ার সঠিক পদ্ধতি, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। দেশব্যাপী চলমান এই কর্মসূচির অংশ হিসেবেই ঈশ্বরগঞ্জে কার্যক্রমটি পরিচালিত হয়।
প্রচারণার অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের প্রামাণ্যচিত্রের নির্বাচিত অংশ, আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকাণ্ডসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হলে দর্শকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় সুপার কারাভ্যানে থাকা শিল্পীরা দেশাত্মবোধক গান এবং চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষায় নির্বাচনী সংগীত পরিবেশন করেন।
এ ছাড়া কর্মসূচিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত বার্তাগুলো গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়।
অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রনি আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে স্থানীয় মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। তবে অনেক প্রান্তিক মানুষ আগে থেকেই এই কার্যক্রম সম্পর্কে অবগত ছিলেন না বলে জানান। ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বাসিন্দা জালাল উদ্দিন বলেন, “ভোটের গাড়ির কথা এই প্রথম শুনলাম। আগে গণভোট সম্পর্কে কিছুই জানতাম না, আজ অনেক তথ্য জানতে পারলাম।”
কলেজ শিক্ষার্থী তুহিন মিয়া ও হাবিব মিয়া বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু তথ্য পাওয়া গেলেও প্রান্তিক এলাকায় সরাসরি এমন প্রচারণা আগে দেখা যায়নি। ভোটের গাড়ি আসায় নির্বাচন ও গণভোট সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া গেছে।
এদিকে মাইজবাগ ইউনিয়ন থেকে আসা কৃষক আমিনুল হক গ্রাম পর্যায়ে গণভোটের প্রচারণা আরও জোরদার করার দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমা বলেন, ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার বিষয়ে সচেতনতা বাড়ছে, যা আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
দৈনিক চেতনার কন্ঠ