সোহেল রানা, স্টাফ রিপোর্টার :
নাটোরে র্যাবের নজর এড়াতে পারেনি মাদক কারবারিদের অভিনব কৌশল। বিশেষ কায়দায় পায়ুপথে লুকিয়ে হেরোইন পরিবহনের সময় দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে কনডমে মোড়ানো অবস্থায় প্রায় ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) রাতে নাটোর সদর থানার দক্ষিণ বড়গাছা এলাকার একটি সড়কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রথমে মাদক পাওয়া যায়নি। তবে আটক ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়।
একপর্যায়ে তারা শরীরের ভেতরে বিশেষ কৌশলে মাদক লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথে লুকিয়ে রাখা কনডমে মোড়ানো হেরোইন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মৈশালবাড়ি এলাকার সাকিবুর রহমান সাকিব (৩৮) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মিন্টু আকন্দ (৪৩/৪৫)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিবুর জানান, ‘রনি’ নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে হেরোইন সংগ্রহ করে বিশেষ কৌশলে তা বহন করছিলেন। পরে চালানটি মিন্টু আকন্দের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের এই অভিযানকে মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অভিনব কৌশলে মাদক পরিবহনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত র্যাবের তৎপরতায় তা ব্যর্থ হয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ