মোঃ বদরুজ্জামান বিপ্লব
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘ভিশন এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ ও অর্থ আত্মসাতের অভিযোগে আলোচনার মধ্যে থাকা ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সালাম সুজাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।
রোববার (৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার মিডিয়া বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল জলিল সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ভিশন এন্টারপ্রাইজ’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ও গ্রাহকদের মধ্যে জামায়াতে ইসলামীর কিছু ব্যক্তি ও দায়িত্বশীল পর্যায়ের ব্যবসায়িক স্বার্থে ব্যক্তিগতভাবে যুক্ত থাকলেও আনুষ্ঠানিকভাবে জেলা জামায়াত এ বিষয়ে অবহিত ছিল না।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়ক মো. রফিকুল ইসলাম আকস্মিকভাবে আত্মগোপনে যাওয়ার পর প্রতিষ্ঠান ও গ্রাহকদের মধ্যে সংকট সৃষ্টি হয়। পরবর্তীতে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সংগঠনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও আর্থিক লেনদেনের বিষয়গুলো খতিয়ে দেখা হয়।
জামায়াতের জেলা শাখার বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ইঞ্জিনিয়ার মো. আব্দুস সালাম সুজা (ফুলবাড়ী) এবং মো. রফিকুল ইসলাম (ভোগডাঙ্গা) প্রতিষ্ঠানের গ্রাহকদের অর্থ সংগ্রহ কিংবা তাদের অর্থ আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্ট—এমন কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ফলে তাদের অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কিছু বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ ও সতর্ক করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ ও অর্থ ফেরতের বিষয়ে কাজ করলেও ভিশন এন্টারপ্রাইজের আর্থিক লেনদেন ছিল ব্যক্তিগত পর্যায়ের বিষয়। তাই সাংগঠনিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এর সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ নেই বলে জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলা জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, কোনো ব্যক্তি অপরাধ করলে তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া অভিযোগ আরোপ বা অপপ্রচার না চালানোর আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে জামায়াতে ইসলামীকে জড়িয়ে অসত্য, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।
জেলা জামায়াতের এই লিখিত বিবৃতির ফলে ভিশন এন্টারপ্রাইজের গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগের সঙ্গে ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার সংশ্লিষ্টতার বিষয়ে সংগঠনটির তদন্তে কোনো প্রমাণ পাওয়া যায়নি এমন অবস্থানই স্পষ্ট হয়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগের ক্ষেত্রে তথ্য-প্রমাণ যাচাই করে বক্তব্য দেওয়ার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দৈনিক চেতনার কন্ঠ