নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় এ বছর ৮ ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫–এর ফলাফলে উপজেলায় অনন্য কৃতিত্ব অর্জন করেছে রহনপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানটি প্রথম স্থান লাভ করেছে, যা এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিদ্যালয়টি থেকে মোট ৩৯ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়ে বৃত্তি অর্জন করেছে—যা একটি উল্লেখযোগ্য সাফল্য। বিশেষ করে ট্যালেন্টপুলে ১১ জন এবং সাধারণ গ্রেডে ১১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে বিদ্যালয়ের সুনাম আরও সমুন্নত করেছে। উপজেলা পর্যায়ের মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে মেহরাব হোসেন। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের মধ্যে রয়েছে—৩য় স্থান আয়মান সাদিক, ৫ম মইদুল হাসান সাকি, ৬ষ্ঠ সাখাওয়াত হোসেন, ৭ম সাঈদ ইসমাইল অনিক, ৮ম মোঃ আমানুল্লাহ, ৯ম জায়িদ ইশতিয়াক, ১০ম ইসরাক উদ্দিন এবং ১১তম তাসিন আহমেদ। তাদের এই অর্জন বিদ্যালয়ের ইতিহাসে নতুন গৌরবের অধ্যায় যুক্ত করেছে। উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের মাধ্যমে রহনপুর তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান লাভ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। শিক্ষা সংশ্লিষ্ট মহল মনে করছেন, এ সাফল্য কেবল একটি প্রতিষ্ঠানের নয়; এটি পুরো গোমস্তাপুর উপজেলার শিক্ষার মানোন্নয়নের প্রতিফলন।
এমন গৌরবময় সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং গোমস্তাপুরের শিক্ষাঙ্গনে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে। রহনপুর তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এই কৃতিত্ব নিঃসন্দেহে উপজেলার শিক্ষা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
দৈনিক চেতনার কন্ঠ