ঢাকা | বঙ্গাব্দ

গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি: সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও প্রেমিক গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি: সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও প্রেমিক গ্রেফতার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আকতারুজ্জামান, রাজশাহী, জেলা,প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর এক চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে থানা পুলিশ। পরকীয়া প্রেমের জেরে শ্বশুরবাড়িতে চুরির অভিযোগে প্রবাসী ছেলের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার বালিয়াঘাটা দাসপাড়া গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. মুরশেদ আলী আকাশ (২৫) এবং একই গ্রামের প্রবাসী মো. মারুফ আলীর স্ত্রী মোসাঃ জয়নব সিফা (২৩)। অভিযুক্ত আকাশ পেশায় একজন গাড়ির হেলপার।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী হওয়ার সুবাদে আকাশ ও জয়নব সিফার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত ৮টার দিকে বাদি মো. আব্দুল মতিন ও তার স্ত্রী বাড়ির পাশের মসজিদে তারাবির নামাজ পড়তে যান। এই সুযোগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আকাশ ও জয়নব সিফা ঘরে থাকা আলমারি ও বাক্স ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করেন।

ঘটনার পর আব্দুল মতিন বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা (নং-২১) দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে গোদাগাড়ী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। আজ ১৫ মার্চ দিবাগত রাত ১টা ৪০ মিনিটে কালিয়াঘাটা দাসপাড়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে আকাশের বসতবাড়ির ছাদের স্টোর রুম থেকে ১ জোড়া স্বর্ণের বালা, ৩টি চেইন, ৪ জোড়া কানের দুল, ৫টি আংটি এবং ১ জোড়া রুপার নুপুর উদ্ধার করা হয়। এছাড়া জয়নব সিফার কাছ থেকে নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

গোদাগাড়ী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের এই তৎপরতায় এলাকায় স্বস্তি নেমে এসেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু