নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী):
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম নীতিনির্ধারক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুল মঈন খান। আজ (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মন্ত্রিপরিষদ বিভাগের তালিকা অনুযায়ী, বর্তমান সরকারের ক্রমিক ১ বা ‘এক নম্বর’ মন্ত্রী হিসেবে তাকে মনোনীত করা হয়েছে।
শপথ গ্রহণের পর রাতেই তার দপ্তর বণ্টন করা হয়। ড. আবদুল মঈন খানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এর আগে তিনি বিভিন্ন বিএনপি সরকারের আমলে তথ্য মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. মঈন খান বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নরসিংদী-২ (পলাশ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের এই যোগ্য উত্তরসূরি তার বাবার হাত ধরেই রাজনীতিতে পা রাখেন এবং ২০০৯ সালে দলটির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।
রাজনীতিতে একজন সজ্জন ও বুদ্ধিবৃত্তিক আলোচনার ব্যক্তিত্ব হিসেবে ড. মঈন খান বিশেষভাবে সমাদৃত। তার শিক্ষাজীবন অত্যন্ত উজ্জ্বল; তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিএসসি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিদ্যায় পিএইচডি সম্পন্ন করেন।
রাজনীতিতে পূর্ণাঙ্গভাবে যুক্ত হওয়ার আগে তিনি দীর্ঘ সময় শিক্ষকতা ও গবেষণায় যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স ও টেকনোলজি বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ক্ষেত্রে তার একাধিক উল্লেখযোগ্য বৈজ্ঞানিক প্রবন্ধ আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ