রোববার বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ পৌর শহর, উপজেলার বড়হিত ইউনিয়নের নওশতী বাজার, উচাখিলা ও তারুন্দিয়া ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমানের নেতৃত্বে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠে থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনী কাজ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, যৌথবাহিনীর এই অভিযানের মূল লক্ষ্য তিনটি। এর মধ্যে রয়েছে—অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা।
ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ডি.এস কামিল মাদরাসায় সেনাবাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও স্পর্শকাতর স্থানে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছে সেনা ও পুলিশ সদস্যরা। পরিস্থিতি মোকাবেলায় পৃথক আভিযানিক দল ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে রয়েছে, যারা দ্রুত প্রতিক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম, সেনা ক্যাপ্টেন আবির, থানার তদন্ত (ওসি) প্রজিদ কুমার দাস, কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহাম্মেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা রনি আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুনিয়া সুলতানাসহ সেনাবাহিনীর একটি দল ও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে যৌথবাহিনীর সক্রিয় অভিযান শুরু করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্থিতিশীল রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। পৌর শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও যৌথবাহিনীর অভিযান ও মহড়া অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী ঈশ্বরগঞ্জ আসনে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কাজ করা হচ্ছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। পাশাপাশি গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
ইউএনও আরও জানান, নির্বাচন নিয়ে যারা সন্দেহ, গুজব ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাদের ওপরও কঠোর নজরদারি রাখা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সময়মতো তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।