ঢাকা | বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
 হাসান মাহমুদ জয় (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশের জেরে মোঃ মাইদুল ইসলাম নামের এক সাংবাদিককে পথরোধ করে হাতুড়ি দিয়ে পেটানো, শ্বাসরোধে হত্যাচেষ্টা এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই সাংবাদিক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত এক হামলাকারীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড়ের পূর্ব পাশে, মোঃ আমিনুর মেম্বারের বাড়ির সামনে। অভিযুক্তরা হলেন—সদর ইউনিয়নের নলেয়া গ্রামের মোঃ হায়দার আলীর পুত্র মাংস ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক (৩৫) ও তার ভাই মোঃ মাসুদ রানা মুন্না (২৮) এবং মৃত অবর উদ্দিনের পুত্র মোঃ সাইফুর রহমান (৪২)।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ অফিস বাজারে অভিযান চালিয়ে একটি রোগাক্রান্ত ও অসুস্থ গরুর মাংস জব্দ করে তা মাটিচাপা দেয়। জনস্বার্থে এই অনিয়মের সংবাদটি অন্যান্য গণমাধ্যমের মতো ‘অগ্রযাত্রা প্রতিদিন’, ‘তালাশ বিডি’ ও ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার সাংবাদিক মোঃ মাইদুল ইসলামও প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর থেকেই মাংস ব্যবসায়ী মোজাম্মেল হক সাংবাদিক মাইদুলের ওপর ক্ষুব্ধ হন এবং বিভিন্ন সময় ফোনে হুমকি দিতে থাকেন। সর্বশেষ গত ২০ মে ২০২৬ রাতেও তিনি মেসেঞ্জারে ফোন করে ব্যবসায়িক ক্ষতির কথা উল্লেখ করে হুমকি দেন।

এরই ধারাবাহিকতায়, গত ৪ জুন বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সাংবাদিক মাইদুল মোটরসাইকেলযোগে ব্যবসায়িক কাজে ভূরুঙ্গামারী বাজার থেকে বাড়ি ফেরার পথে সাদ্দাম মোড়ের কাছে পৌঁছালে মোজাম্মেলের ছোট ভাই মাসুদ রানা মুন্না হাতুড়ি নিয়ে তার পথরোধ করে। পরে মোজাম্মেল ও সাইফুর রহমান বাজার থেকে ঘটনাস্থলে এসে "কেন অসুস্থ গরুর নিউজ করা হলো" এই অজুহাতে মাইদুলকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর শুরু করে। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে এবং তার পকেটে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে মোজাম্মেল ধারালো বস্তু দিয়ে আঘাত করলে সাংবাদিক মাইদুলের নাকের হাড় ভেঙে যায় এবং শরীর রক্তে ভিজে যায়। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে ৪ দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় (নাকের হাড় ভাঙা ও কানের পর্দা ফেটে যাওয়ায়) তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ জুন (বুধবার) রাতে অভিযুক্ত মুন্না কয়েকজন সহযোগীকে নিয়ে সাংবাদিক মাইদুলকে দেখতে যান। সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শী মুসলিমের সামনে মুন্না নিজের দোষ স্বীকার করে বলেন, " can ঘটনার দিন আমার মেজাজ ভালো ছিল না। ভাইকে বাইক থামিয়ে আটকে রাখতে বলি। মোজাম্মেল ভাই ও সাইফুর এসেই নিউজ নিয়ে কথা তুলে মাইদুল ভাইকে মারপিট শুরু করে। আমি পরে এসে সাথে যোগ দিই। মোজাম্মেল ভাইয়ের ঘুষিতেই মাইদুল ভাইয়ের নাক ফেটে রক্তাক্ত হয়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আমি বুঝতে পারি নাই।" তবে মূল অভিযুক্ত মোঃ মোজাম্মেল হক অসুস্থ গরু জবাইয়ের বিষয়টি অস্বীকার করলেও, ঘটনার দিন মারামারির জেরে সাংবাদিক রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা মাংস হাটিতে অভিযান চালিয়ে একটি রোগাক্রান্ত গরু জব্দ করে মাটিতে পুঁতে ফেলেছিলাম। সাংবাদিককে মারপিটের ঘটনাটি শুনে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে কথা বলেছি।" ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পুলিশ একজন আসামিকে (মাসুদ রানা মুন্না) গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। বাকিদের বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান।

জনস্বার্থে কাজ করায় একজন সংবাদকর্মীর ওপর এমন বর্বর হামলার ঘটনায় স্থানীয় ও জেলা পর্যায়ের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মোঃ শফি খান তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, "সংবাদ প্রকাশের জেরে যদি একজন সাংবাদিককে এভাবে মারধর ও লাঞ্ছিত করা হয়, তবে তা আমাদের সমাজের জন্য অশনি সংকেত। স্বাধীন গণমাধ্যমের কথা মুখে বলা হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। আমি এই ঘটনার তীব্র নিন্দা যা জানাচ্ছি এবং জড়িতদের কঠোরতম শাস্তির দাবি করছি।" আহত সাংবাদিকের মা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বলেন, "আমার ছেলে জনস্বার্থে সংবাদ প্রকাশ করে। তার যদি নিরাপত্তা না থাকে, তবে সাংবাদিকতা করে কী লাভ? আমি সকল সাংবাদিকদের আমার ছেলের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।"

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন