বিশেষ ক্লাস চালু রাখার দাবি অভিভাবকদের, শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের আহ্বান
নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফল নিশ্চিত করতে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খোরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে বিশেষ ক্লাস চালু করেছেন, এটি একটি প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ। শিক্ষার্থীদের ফলাফল ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নিজেই প্রতিদিন বিভিন্ন ক্লাস নেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অর্ধবার্ষিক পরীক্ষার পর ছুটির সময় বিশেষ ক্লাস চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের কতটুকু উন্নতি হয়েছে, তা শিক্ষার্থী ও অভিভাবকরাই সবচেয়ে ভালো বলতে পারবেন।
সমাবেশে কয়েকজন অভিভাবক বলেন, আগে তাদের মেয়েদের পড়াশোনার প্রতি তেমন মনোযোগ ছিল না। তবে বিদ্যালয়ে বিশেষ ক্লাস চালুর পর থেকে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও মনোযোগ বেড়েছে। বর্তমানে বাড়িতেও তারা নিজেরাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। এতে আগামী পরীক্ষায় ভালো ফলাফল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অভিভাবকরা প্রধান শিক্ষককে বিশেষ ক্লাস অব্যাহত রাখার অনুরোধ জানান। একই সঙ্গে উপস্থিত সুধীজনরাও শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে বিশেষ ক্লাস কার্যক্রম ধরে রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে উৎসাহিত করেন।
সমাবেশে সাংবাদিক নুরুল ইসলাম বাবু, অলিউল হক ডলার, মনিরুল ইসলাম, হুমায়ুন কবির আজমসহ বিদ্যালয়ের অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
দৈনিক চেতনার কন্ঠ