তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৪ পিস টাপেন্টাডল ও ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে । এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলও জব্দ করে পুলিশ ।
আজ রাতে পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় মান্দা থানাধীন ৩ নং পরানপুর ইউনিয়নের শিশুইল গ্রামস্থ জনৈক রাজুর বসতবাড়ির ভেতর কতিপয় ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে থানা পুলিশের একটি চৌকস দল উক্ত বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— শিশুইল গ্রামের মৃত রকিবের ছেলে মোহাম্মদ রাজু (৩২) এবং একই গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ প্রাং-এর ছেলে মো. রাজু আহমেদ (৩৩)।
গ্রেফতারের পর উপস্থিত সাক্ষীদের সামনে তাদের তল্লাশি করে ২৪ পিস টাপেন্টাডল, ৫০ পিস ইয়াবা এবং মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয় ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে । মাদকের বিরুদ্ধে পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ।
দৈনিক চেতনার কন্ঠ