রায়হান মিয়া
কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলায় তাফসিরুল কুরআন মাহফিলের মাইক স্থাপন করতে গিয়ে গাছ থেকে পড়ে এক ডেকারেটর কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে কোয়া চাঁদপুর শাহী মসজিদ প্রাঙ্গণে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইসমাইল হোসেন লালু মিয়া (২০)। তিনি কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের বক্সগঞ্জ সরকার বাড়ির বাসিন্দা এবং দুলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোয়া চাঁদপুর শাহী মসজিদে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল উপলক্ষে সাউন্ড সিস্টেম ও মাইক স্থাপনের কাজ চলছিল। সেই কাজের অংশ হিসেবে ইসমাইল হোসেন লালু মিয়া একটি গাছে উঠে মাইক লাগানোর চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন লালু মিয়া একই উপজেলার সহদেবপুর গ্রামের মোস্তফা কামালের সাথে ডেকারেটর ও সাউন্ড সিস্টেমের কাজে যুক্ত ছিলেন। বিভিন্ন অনুষ্ঠান ও মাহফিলে মাইক স্থাপনের কাজ করেই তিনি জীবিকা নির্বাহ করতেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে আহাজারি। স্বজনরা কিছুতেই এই মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছেন না।
এ বিষয়ে কচুয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল হক জানান, ঘটনাটি সম্পর্কে খবর পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক চেতনার কন্ঠ