তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে হোসেনপুর গ্রাম এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল জানতে পারে যে, মহাদেবপুর থানাধীন হোসেনপুর গ্রামের জনৈক ইমন হোসেনের বাড়ির উত্তর পাশে রাস্তার ওপর মাদক কেনাবেচার উদ্দেশ্যে একদল ব্যক্তি অবস্থান করছে ।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে ডিবি পুলিশের আভিযানিক দলটি সেখানে পৌঁছালে চার ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয় । এসময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ ও তাদের সাথে থাকা মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝুলানো একটি কালো পলিথিন ব্যাগ থেকে ৪০ পাতায় ১০টি করে মোট ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—রাইগা গ্রামের খাজামুদ্দিনের ছেলে সোহাগ হোসেন (২৮), কৃষ্ণপুর হঠাৎ পাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে রনি হাসান (২০) এবং দক্ষিণ হোসেনপুর গ্রামের সেকেন্দার আলীর দুই ছেলে জুয়েল (৩৬) ও রুবেল হোসেন (৩০)।
পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে জেলার বিভিন্ন এলাকায় এসব মাদক কেনাবেচা করে আসছিল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।
দৈনিক চেতনার কন্ঠ