মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দেলোয়ার কসাই ও সনির ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাঁচবিবি শহরের প্রাণকেন্দ্র তিনমাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদক প্রতিরোধ কমিটি ও স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন পাঁচবিবি পৌরসভার সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন, ব্যবসায়ী মিজানুর রহমান মিজান, মাদক প্রতিরোধ কমিটির সদস্য জাকির হোসেন, নজরুল, দেলোয়ারসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। এর বিস্তার রোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেলোয়ার কসাই ও সনির ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এ সময় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করার আহ্বান জানান।
দৈনিক চেতনার কন্ঠ