জুনাঈদ আল হাবিব
বিজ্ঞাপন ব্যবস্থাপক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাককে প্রত্যাহার করা হয়েছে। তল্লাশির নামে এক আসামির স্ত্রীর ঘর থেকে ছাগল বিক্রির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, আঠারবাড়ি তদন্ত কেন্দ্র থেকে তাঁকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সেখানে তিনি নিয়মিত হাজিরা দেবেন এবং সরকারি দায়িত্ব পালন করবেন। গত ৬ জুন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ জুন একটি মারামারি মামলার আসামি বাচ্চু মিয়াকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের এনায়েতনগর গ্রামে অভিযান চালায় পুলিশ। আসামিকে না পেয়ে পুলিশ তাঁর বসতঘরে তল্লাশি চালায়। এ সময় ঘর থেকে নগদ ২৫ হাজার ৫০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন আসামির স্ত্রী কমলা বেগম।
কমলা বেগম দাবি করেন, ঈদের আগে দুটি ছাগল বিক্রি করে পাওয়া ৩৪ হাজার টাকা ঘরে রাখা ছিল। এর মধ্যে ৮ হাজার ৫০০ টাকা কিস্তি পরিশোধের জন্য আলাদা করে রাখা হয়েছিল এবং বাকি ২৫ হাজার ৫০০ টাকা কাপড়ের ভাঁজে একটি কৌটার মধ্যে সংরক্ষিত ছিল, যা তল্লাশির সময় নিয়ে যাওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে এসআই আব্দুর রাজ্জাক দাবি করেছিলেন, কমলা বেগম একজন চিহ্নিত মাদক কারবারি এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ থেকে তিনি মিথ্যা অভিযোগ করেছেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, তিনি এসআই আব্দুর রাজ্জাককে প্রত্যাহারের চিঠি পেয়েছেন।
দৈনিক চেতনার কন্ঠ