নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটায় ১৭০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কেদার ইউনিয়নের চর টেপারকুটি গ্রামের নূর ইসলামের ছেলে মো. শাহজালাল বাবু (২৯) এবং ইসলামপুর গ্রামের লোকমান আলীর ছেলে মো. জোবায়ের আহমেদ মিঠু (২১)।
কচাকাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি চায়ের দোকানের ভেতর থেকে শাহজালাল বাবু ও জোবায়ের আহমেদ মিঠুকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলও জব্দ করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা ইয়াবা পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িত।
কচাকাটা থানা পুলিশের এ অভিযান ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাসের সার্বিক নির্দেশনায় পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কচাকাটা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাস জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক চেতনার কন্ঠ