ঢাকা | বঙ্গাব্দ

বরেন্দ্র অঞ্চলে ৫ হাজার দেশি ফলের বীজ ও চারা রোপণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
বরেন্দ্র অঞ্চলে ৫ হাজার দেশি ফলের বীজ ও চারা রোপণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মুন্ডুমালায় দেশি ফলের বৈচিত্র্য রক্ষায় কৃষাণী সংগঠনের উদ্যোগ বরেন্দ্র অঞ্চলে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং হারিয়ে যেতে বসা দেশি ফলের বৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার জগদীশপুর নতুনপাড়া এলাকায় বৈচিত্র্যময় দেশি ফলের বীজ বপন ও চারা রোপণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জগদীশপুর নতুনপাড়া কৃষাণী সংগঠনের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘বরেন্দ্র অঞ্চলে ১০ লাখ বীজ বপন ও চারা রোপণ ক্যাম্পেইন’-এর অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় কৃষাণী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ক্যাম্পেইনে জগদীশপুর নতুনপাড়া গ্রামে প্রবেশপথের প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির দেশি ফলের বীজ ও চারা বপন ও রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে—আম, জাম, কাঁঠাল, খেজুর ও তাল। এদিন প্রায় ৫ হাজার বীজ ও চারা বপন ও রোপণ করা হয়।
আয়োজকরা জানান, বরেন্দ্র অঞ্চল দেশের অন্যতম খরাপ্রবণ এলাকা। দীর্ঘস্থায়ী খরা, তীব্র তাপদাহ, পানির সংকট ও নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে এ অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য নানা ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ অবস্থায় পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও দেশি ফলের গাছ সংরক্ষণ অত্যন্ত জরুরি।
ক্যাম্পেইন শেষে রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে তাৎক্ষণিকভাবে একটি কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি সেতারা বেগম বলেন, “খরা, তীব্র তাপদাহ, প্রাকৃতিক দুর্যোগ ও পানিসংকটপূর্ণ বরেন্দ্র অঞ্চলে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, গাছগুলোকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে হবে।”
অংশগ্রহণকারীদের উদ্দেশে মোমেনা বেগম দেশি ফলের বীজ, বিশেষ করে তালবীজ সংরক্ষণ এবং পরবর্তীতে আরও বেশি পরিমাণে তালসহ বিভিন্ন দেশি ফলের বীজ ও চারা রোপণের আহ্বান জানান। তিনি বলেন, দেশি ফলের গাছ শুধু মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করে না, এগুলো পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে সহকর্মী রিনা দিদির যোগাযোগ এবং শহীদ ভাইয়ের সহযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
স্থানীয়দের প্রত্যাশা, জগদীশপুর নতুনপাড়ার রাস্তার দুই পাশে রোপণ করা এসব দেশি ফলের গাছ একদিন বড় হয়ে পথচারীদের ছায়া দেওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশকে আরও সবুজ ও প্রাণবন্ত করে তুলবে। একই সঙ্গে দেশি ফলের বৈচিত্র্য সংরক্ষণে এ উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট