সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা উপজেলার পদ্মা নদীসংলগ্ন বিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়েছে।
আটক কিশোর জিহান মোবারক (১৭) উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামের বাসিন্দা। তবে অভিযানের সময় তার পিতা নাসির উদ্দীন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীপথে বিশেষ অভিযান পরিচালনা করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
অভিযানের একপর্যায়ে বিদিরপুর এলাকায় সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালানো হয়। এ সময় নৌকার ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থল থেকে জিহান মোবারককে আটক করা হলেও তার পিতা নাসির উদ্দীন দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশের দাবি, পলাতক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তঘেঁষা নদীপথ ব্যবহার করে মাদক পাচারের সঙ্গে জড়িত।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, সীমান্তঘেঁষা পদ্মা নদীপথ দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ফলে নদীপথে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
দৈনিক চেতনার কন্ঠ