আনোয়ার হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় হঠাৎ করে বেড়ে যাওয়া তীব্র শীতের প্রভাব পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থায়। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রচণ্ড ঠান্ডার কারণে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে অনীহা প্রকাশ করছেন। এতে যাত্রী সংকটে পড়েছেন ছোট ছোট যানবাহনের চালকরা।
সোমবার (আজ) গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট রহনপুরে গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় লোকসমাগম উল্লেখযোগ্যভাবে কম। এই হাটকে কেন্দ্র করে আশপাশের কয়েকটি ইউনিয়ন থেকে ব্যবসায়ী ও ক্রেতারা এসে ব্যবসা-বাণিজ্য করলেও তীব্র শীতের কারণে আজ তাদের উপস্থিতি ছিল সীমিত।
স্থানীয় ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চালকদের সঙ্গে কথা বললে তারা জানান, শীতের কারণে যাত্রী কমে যাওয়ায় দৈনিক আয় অর্ধেকেরও নিচে নেমে এসেছে। কেউ কেউ বলেন, সারাদিন রাস্তায় ঘোরাঘুরি করেও ভাড়ার যাত্রী পাওয়া যাচ্ছে না, ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
চালকরা আরও দাবি করেন, শীত যতদিন থাকবে ততদিন তাদের এই দুর্ভোগ অব্যাহত থাকবে। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে শীতার্ত শ্রমজীবী মানুষের জন্য বিশেষ সহায়তার দাবি জানিয়েছেন।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উত্তরাঞ্চলে শীতের প্রকোপ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি পরিবহন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।