মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা পরিষদের উদ্যোগে দুস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল এবং একজন অসহায় পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) পাঁচবিবি উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন জয়পুরহাট জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান। পরে একজন অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
বাইসাইকেল পাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে খোঁজখবর নেন এবং নিয়মিত অধ্যয়ন করে ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন।
উপজেলা পরিষদের এমন মানবিক উদ্যোগের ফলে অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আরও সহজ হবে এবং তারা পড়াশোনায় উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
দৈনিক চেতনার কন্ঠ