মানিক ইসলাম ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সদর উপজেলার পরিষদপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে ভ্রাম্যমাণ (মোবাইল) আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে আটক ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মো. মাসুম আলী (৩৫), কালীবাড়ী এলাকার মো. আনোয়ার হোসেন (৫৪), বালুয়াখুড়ি এলাকার মো. মিলন (২৮) এবং পরিষদপাড়া এলাকার লেপা টপ্য (২৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের অপব্যবহার রোধ ও অবৈধ মাদক কারবার নির্মূলের অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় পরিষদপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে মাদক সেবনরত অবস্থায় ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষীদের অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক চেতনার কন্ঠ