চট্টগ্রাম জেলা প্রতিনিধি বাবলু নন্দী
মানুষ যে স্বপ্ন, আকাঙ্খা বাস্তবায়নের জন্য আমাকে ভোট দিয়েছে, নির্বাচনে বিজয়ী করেছে। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের বিজয়ী বিএনপির প্রার্থী আবু সুফিয়ান।
আজ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সামনে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচনে জয় লাভের পর বিজয়োল্লাস বা আনন্দ উদযাপনের কিছু নেই। আমরা রাজনীতিবিদ। জনগণের সেবায় রাজনীতি করি। জনগণ ভোট দিয়ে তাদের আমানত রক্ষা করার জন্য আমাকে সুযোগ দিয়েছেন। সে সুযোগ আমি বাস্তবায়নে নিরন্তর কাজ করে যাবো।
চট্টগ্রাম-৯ আসনটি ‘লাকি আসন’ এবং এ আসনে জেতা সাংসদ সরকারের মন্ত্রীত্ব পান-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমপি বা মন্ত্রী বড় কিছু নয়। আমার উপর যে কাজের দায়িত্ব পড়েছে প্রচেষ্টা থাকবে সকল প্রশ্নের উর্ধে থেকে নিরলস কাজ করার। আন্দোলন সংগ্রামে দলের নিবেদিত কর্মী হিসেবে কাজ করেছি। দল আমাকে মনোনয়ন দিয়ে সম্মানিত করেছেন। মূল্যায়ন করেছেন। এখন যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে শীর্ষ নেতৃত্বের নির্দেশনা মেনে তা আমি পালন করব ভালোভাবে।
দৈনিক চেতনার কন্ঠ