তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অবৈধভাবে দখল করা স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ অভিযান শুরু করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।
অভিযানকালে তারা জানান, নজিপুর বাসস্ট্যান্ডের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসানোর কারণে যানজট সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে গত শনিবার মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের পূর্বেই সতর্ক করা হয়।
তারা আরও জানান, এই উচ্ছেদ অভিযানের ফলে বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
দৈনিক চেতনার কন্ঠ