মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাইয়ে শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৩৬৯ জন এবং মাদ্রাসা পর্যায়ে ১৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা শেষে একইদিন মাধ্যমিক ও মাদ্রাসায় মোট ৩৬ জনকে বাছাই করে ফলাফল ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালাই শিক্ষা ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শাহজাহান আলী ও মওলানা মতিউর রহমান, সহসভাপতি ও আব্দুল মজিদ মল্লিক ও আব্দুল মান্নান, শিক্ষা সম্পাদক তাইফুল ইসলাম ফিতা, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী জিন্নাহসহ আরো অনেকে।
শিক্ষা ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, ২৫ বছর থেকে এ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৪৬ প্রতিষ্ঠানের ৫৬৪ জন পরীক্ষার্থী এ বছর অংশগ্রহণ করেন। উত্তীর্ণদের একটি করে সার্টিফিকেট এবং প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে এককালীন তিন হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারী দুই হাজার পাঁচশো এবং তৃতীয় স্থান অর্জনকারীকে দুই হাজার টাকা করে মোট ৩৬ জনকে শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি তাদের স্বপ্ন গড়ার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। শিক্ষাবৃত্তি সেই বাধা দূর করে তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং শিক্ষার প্রতি আগ্রহ ধরে রাখতে সাহায্য করে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে আরও বেশি শিক্ষাবৃত্তি চালু হলে শিক্ষাক্ষেত্রে সমতা নিশ্চিত হবে এবং দেশ গঠনে দক্ষ মানবসম্পদ তৈরি হবে।
দৈনিক চেতনার কন্ঠ