ঢাকা | বঙ্গাব্দ

ধামইরহাটে কৃষক হত্যা মামলায় ৫ ঘণ্টায় ৭ আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
ধামইরহাটে কৃষক হত্যা মামলায় ৫ ঘণ্টায় ৭ আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা স্টাফ রিপোর্টার :

নওগাঁর ধামইরহাটে জমিজমা নিয়ে বিরোধ ও করলা ক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে কৃষক আবুল কাশেম হত্যার ঘটনায় মামলা হওয়ার পাঁচ ঘণ্টার মধ্যে সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বড়শিবপুর (মাস্টারপাড়া) এলাকায় করলা ক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে আবুল কাশেম ও আসামিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল কাশেমসহ একই পক্ষের পাঁচজন গুরুতর আহত হন।

পরে আহতদের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেমের মৃত্যু হয়। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্য আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহত আবুল কাশেমের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে গেলে পার্শ্ববর্তী জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় অভিযান চালানো হয়। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ও অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে রাকিবুল ইসলাম রনি, মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল হাকিম, কফিল উদ্দিন, ফেরদৌস হোসেনের স্ত্রী আকলিমা বেগম, মৃত ইসমাইল হোসেনের স্ত্রী হামিদা বেগম, আব্দুল হাকিমের স্ত্রী ফরিদা বেগম এবং রাকিবুল ইসলাম রনির স্ত্রী জিয়াসমিন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিন্টু রহমান জানান, গ্রেপ্তার সাত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করায় নিহতের পরিবার স্বস্তি প্রকাশ করেছে।

উল্লেখ্য, সম্প্রতি ধামইরহাটে আমবাগানে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনাসহ বিভিন্ন সূত্রহীন মামলার তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও আসামি গ্রেপ্তারের ঘটনায় ওসি মো. মিন্টু রহমানকে নওগাঁর পুলিশ সুপারের পক্ষ থেকে জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের