স্টাফ রিপোর্টার : নগর দরিদ্রদের আবাসনের অধিকার নিশ্চিতের দাবি, পাঁচ দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত না করে বস্তি উচ্ছেদ বন্ধ এবং নগর দরিদ্র মানুষের আবাসনের অধিকার নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে নামোভদ্রা লেকপাড় বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠন, গ্রীন কোয়ালিশন ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বস্তিবাসী, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী নগরের বিভিন্ন বস্তিতে বসবাসকারী হাজারো পরিবার দীর্ঘদিন ধরে উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছে। পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কোনো উচ্ছেদ মানবিক হতে পারে না। নিরাপদ আবাসন নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।
নামোভদ্রা লেকপাড় বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠনের সভাপতি বাচ্চু মিয়া বলেন, তারা কোনো দখলদার নন; শ্রমজীবী মানুষ হিসেবে নগরের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই উচ্ছেদের পরিবর্তে তাদের মর্যাদার সঙ্গে বসবাসের অধিকার নিশ্চিত করতে হবে।
গ্রীন কোয়ালিশন রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী বলেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানবাধিকার নীতির পরিপন্থী। আর বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তুলতে উন্নয়ন পরিকল্পনায় নগর দরিদ্র মানুষের আবাসনের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।
কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—পুনর্বাসন ছাড়া কোনো বস্তি উচ্ছেদ না করা, বস্তিবাসীদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও বিদ্যুৎসহ মৌলিক সেবা নিশ্চিত করা, উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্তদের মতামত গ্রহণ এবং উন্নয়ন পরিকল্পনায় আবাসন অধিকারকে অগ্রাধিকার দেওয়া।
আয়োজকরা জানান, কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর সংগ্রহ অব্যাহত থাকবে। সংগৃহীত স্বাক্ষর সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
দৈনিক চেতনার কন্ঠ