নূর মোহাম্মদ
পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ থাকা জুটমিলগুলো পুনরায় চালুর লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী মো. শরীফুল আলম। মঙ্গলবার সকালে নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুটমিল সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরিদর্শন কালে মন্ত্রী জানান, সরকারি কিংবা বেসরকারি যেকোনো ব্যবস্থাপনায় এই জুটমিলগুলো পুনরায় চালু করা হবে। পলাশের এই কো-অপারেটিভ জুটমিলটির টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং ইতোমধ্যে এর ইওআই (EOI) সম্পন্ন হয়েছে। এটি প্রাথমিকভাবে মন্ত্রণালয়ে প্রস্তাবনা আকারে পাঠানো হবে এবং বেসরকারি খাতে (প্রাইভেট সেক্টর) মিলটি চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রী তাঁর বক্তব্যে স্থানীয় কর্মসংস্থানের ওপর বিশেগুরুত্বারোপ করেন। তিনি বলেন: নরসিংদীর এই শিল্পাঞ্চলগুলোর সঙ্গে মানুষের আবেগ জড়িত। মিলগুলো বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থান কমে গেছে এবং মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তিনি আরও আশ্বস্ত করেন যে, কারখানাটি চালু হলে সাধারণ জনবল স্থানীয়ভাবেই নিয়োগ দেওয়া হবে। তবে কারিগরি বা বিশেষজ্ঞ পদের প্রয়োজনে অন্য জেলা থেকে লোক আনা হতে পারে। শরীফুল আলম আরও উল্লেখ করেন যে, নরসিংদীর দুটি মিলসহ সারাদেশের বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালুর মাধ্যমে দেশি-বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে। বর্তমান সরকার জনগণের কল্যাণে ও কর্মসংস্থান সৃষ্টিতে বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেন। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন: ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, চেয়ারম্যান, বিজিএমসি। সুব্রত সিকদার অতিরিক্ত সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মামুনুর রশীদ, মুখ্য পরিচালনা কর্মকর্তা। ইশতিয়াক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পলাশ।
দৈনিক চেতনার কন্ঠ