জুনাঈদ আল হাবিব স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৪৮তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে একসঙ্গে ৬ জন শিক্ষার্থী স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পেয়েছেন। এ ঘটনায় বিদ্যালয়জুড়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে এসএসসি ২০১৪ ব্যাচের ডা. আনিসুর রহমান রিয়াদ, ডা. নিশাদ ফারহানা ও ডা. জয়িতা দাস; ২০১৩ ব্যাচের ডা. অনন্যা সরকার; ২০১২ ব্যাচের ডা. নির্জনা রাউত তন্বী এবং ২০০৯ ব্যাচের ডা. আনোয়ার রহমান ইমন রয়েছেন।
ডা. আনিসুর রহমান রিয়াদ বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে কর্মরত। তিনি বলেন, পিতার অকাল মৃত্যু তার জীবনে বড় চ্যালেঞ্জ হয়ে এলেও সেই স্বপ্নপূরণের লক্ষ্যেই তিনি এগিয়ে গেছেন।
ডা. অনন্যা সরকার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করে জানান, প্রান্তিক মানুষের সেবা করার সুযোগ পাওয়া তার জন্য গর্বের।
এছাড়া ডা. নিশাদ ফারহানা ও ডা. আনোয়ার রহমান ইমন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. জয়িতা দাস ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ডেন্টাল) এবং ডা. নির্জনা রাউত তন্বী হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ডেন্টাল) দায়িত্ব পালন করছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ. কে. এম. মোস্তফা কামাল বলেন, একসঙ্গে ৬ জন শিক্ষার্থীর স্বাস্থ্য ক্যাডারে যোগদান প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, তারা ভবিষ্যতেও সাফল্যের ধারা বজায় রেখে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাজধানী শাহবাগে আয়োজিত অনুষ্ঠানে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ জন ক্যাডারকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
দৈনিক চেতনার কন্ঠ