সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র সাজনুল সায়েফের নামে প্রকাশিত একটি পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও নিন্দার ঝড় উঠেছে। ওই পোস্টে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর পরিবারের নারী সদস্যদের নিয়ে অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে।
ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটে দেখা যায়, সাজনুল সায়েফ তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি ‘ইনকিলাব মঞ্চে’ হামলার জন্য তারেক রহমানকে দায়ী করে তাকে ‘লন্ডনি শুকর’ বলে সম্বোধন করেন। পোস্টে দাবি করা হয়, নির্বাচনের পর তথাকথিত ‘অসমাপ্ত বিপ্লব’ সম্পন্ন করে তারেক রহমানকে মেরে শাহবাগে ঝুলিয়ে রাখা হবে। শুধু তাই নয়, তারেক রহমানের স্ত্রী ও কন্যাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করার চরম উস্কানিমূলক হুমকি দেওয়া হয়েছে ওই পোস্টে।
আইনজীবীরা বলছেন, প্রকাশ্যে এভাবে প্রাণনাশের হুমকি এবং নারীদের অবমাননা করা দেশের বিদ্যমান সাইবার নিরাপত্তা আইন ও দণ্ডবিধির অধীনে গুরুতর অপরাধ। রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে যে, এ ধরণের উস্কানি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এবং রাজনৈতিক প্রতিহিংসাকে আরও উসকে দিতে পারে।
দৈনিক চেতনার কন্ঠ