স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলাসহ আশপাশের বিভিন্ন উপজেলার সড়কপথে চলাচলকারী যাত্রী ও চালকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। শীতের কনকনে ঠান্ডার চেয়েও এখন মানুষের মনে বেশি কাঁপুনি ধরাচ্ছে রোড ডাকাতির ভয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে সম্প্রতি রোড ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বংপুর এলাকা পার হয়ে পরিত্যক্ত মার্চেন্ট মিল সংলগ্ন স্থানে সংঘটিত হয় এক ভয়াবহ ডাকাতির ঘটনা। ডাকাতরা রাস্তার ওপর আম গাছ কেটে ফেলে সড়ক অবরোধ সৃষ্টি করে। এতে ২০ থেকে ৩০টি যানবাহন আটকে পড়ে। পরে দেশীয় অস্ত্রের মুখে যাত্রী ও চালকদের জিম্মি করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্ধর্ষ ডাকাত দল। এ সময় ডাকাতদের হামলায় দুইজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে গোমস্তাপুরসহ আশপাশের এলাকার সড়কপথে চলাচলকারী সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতের বেলায় চলাচল প্রায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে রাত্রীকালীন টহল জোরদার, সড়কে নিরাপত্তা বৃদ্ধি এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা রয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ