এম এ মোহাম্মদ হোসাইন:
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাজশাহীর পবা উপজেলার এক সেনাসদস্য রয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতদের মধ্যে রয়েছেন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে সেনাসদস্য রিফাত। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর সদস্যরা ফিল্ড ফায়ারিং অনুশীলনে অংশ নেন। অনুশীলনের একপর্যায়ে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য গুরুতর আহত হন।
পরে আহত দুই সেনাসদস্যের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কীভাবে ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে নিহত অপর সেনাসদস্যের পরিচয়ও এখনো জানা যায়নি।
নিহত রিফাতের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে। তাঁকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
দুর্ঘটনার বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য বা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে দুর্ঘটনার কারণ, নিহতদের পরিচয় ও অন্যান্য তথ্য আরও নিশ্চিত হওয়া যাবে।
দৈনিক চেতনার কন্ঠ