চট্টগ্রাম জেলা প্রতিনিধি বাবলু নন্দী
চট্টগ্রাম সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম মুবিনুল ইসলাম নয়ন (২৮)। তিনি সিএমপিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে কোতোয়ালী থানায় ডিউটির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা হন নয়ন। পথে কদমতলী আর্টমাচ মোড়ে পৌঁছালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত একটি ময়লার ড্রাম ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‘ব্রট ইন ডেড (আরটিএ)’ ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, হাসপাতালে আনার আগেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চসিকের সংশ্লিষ্ট ট্রাকটি জব্দ করেছে। একই সঙ্গে গাড়ির হেলপারকেও আটক করা হয়েছে বলে জানান সিএমপির এক উপ-পুলিশ পরিদর্শক।
নিহত মুবিনুল ইসলাম নয়নের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কালা মিয়া সওদাগরের বাড়ি ৩ নম্বর ওয়ার্ডের বুড়ি পুকুর গ্রামে। তিনি নুরুল আমিনের ছেলে।
দৈনিক চেতনার কন্ঠ