গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি, এস এম পারভেজ তালুকদার, মোবাইল নাম্বার ০১৭২৪৩৮৭৮৩১
নাটোরের গুরুদাসপুরে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজকে সংবর্ধনা দিয়েছে গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগার। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টায় ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ঢাকা মোহাম্মদপুর জোনের পুলিশের এডিসি জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সবুজ হোসেনের প্রস্তাবে সংসদ সদস্য আব্দুল আজিজকে ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে স্থানীয় কিছু তরুনদের নাম প্রস্তাবনা করা হয় কমিটিতে সদস্য পদে যোগদানের জন্য এবং তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা জানান, ব্রিটিশ শাসনামলে ১৯৩৪ সালে বসন্তী কুমারী দাস নামের এক দানশীল নারীর দেওয়া ৭১ শতাংশ জমির ওপর ক্লাবটির যাত্রা শুরু হয়। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় ক্লাবের কাগজপত্র ও আসবাবপত্র লুটপাটের শিকার হয়। পরবর্তীতে ১৯৭৮ সালে ক্লাবটি পুনরায় সরকারি অনুমোদন লাভ করলেও নানা কারণে দীর্ঘদিন কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং জমিটি পরিত্যক্ত অবস্থায় থাকে।
তবে ২০২৫ সালে স্থানীয় দুই কৃতী সন্তান এডিসি জুয়েল রানা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সবুজ হোসেনের উদ্যোগে নতুন কমিটি গঠনের মাধ্যমে ক্লাবটির পুনর্জাগরণ ঘটে। তাদের নেতৃত্বে জমি পুনরুদ্ধার, পুরাতন স্থাপনার সংস্কার এবং নিজস্ব অর্থায়নে ক্লাবটিকে ব্যবহার উপযোগী করে তোলা হয়।
বর্তমানে ক্লাবটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছে। বিশেষ করে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নিয়মিত ক্রিকেট, ব্যাডমিন্টন ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। পাশাপাশি সরকারি অনুদানের সহায়তায় দোকান পজিশনে দালান নির্মাণ কাজও এগিয়ে চলছে।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের অতীত, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুজ্জামান সরকার, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, গুরুদাসপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।#
দৈনিক চেতনার কন্ঠ