মোঃ রনি রজব, স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একমাত্র জিপিএ-৫ অর্জন করেছেন ভোলাহাট সরকারি মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী সানজিদা সুলতানা। একজন কাঠমিস্ত্রির সন্তান হয়েও তাঁর এমন অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সানজিদা সুলতানা ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা হেলাল হোসেন পেশায় একজন কাঠমিস্ত্রি। পরিবারের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও পড়াশোনার প্রতি গভীর মনোযোগ, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন।
এর আগে চলতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছিলেন সানজিদা। এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে তিনি আবারও নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।
তাঁর এ সাফল্যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা গর্বিত। পাশাপাশি এলাকাবাসীও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মতে, আর্থিক সীমাবদ্ধতা কখনোই মেধা ও ইচ্ছাশক্তির পথে বাধা হতে পারে না। সানজিদার অর্জন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
সানজিদার এ সাফল্য ভোলাহাট উপজেলার অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতেও তিনি যেন শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জন করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার মুখ উজ্জ্বল করতে পারেন, সেই প্রত্যাশা করেছেন পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।
দৈনিক চেতনার কন্ঠ