তানোর (রাজশাহী) প্রতিনিধি:
বরেন্দ্র অঞ্চলে ১০ লাখ দেশি ফলের বীজ রোপণ ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজশাহীর তানোরে বৈচিত্র্যময় দেশি ফলের বীজ রোপণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) তানোর উপজেলার ৫ নম্বর তালন্দা ইউনিয়নের মোহর লছিরামপুর পাড়ায় এ বীজ রোপণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মোহর ‘স্বপ্ন আসার আলো’ যুব সংগঠনের উদ্যোগে এবং বারসিকের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে মোহর লছিরামপুর পাড়া গ্রামের প্রবেশপথের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তার দুই পাশে বিভিন্ন বৈচিত্র্যময় দেশি ফলের বীজ রোপণ করা হয়। এর মধ্যে জাম, খেজুর ও তালসহ বিভিন্ন দেশি ফলের প্রায় ২ হাজার ৫০০টি বীজ রোপণ করা হয়েছে।
বীজ থেকে জন্ম নেওয়া গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে তাৎক্ষণিকভাবে একটি কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি মমিনুল ইসলাম বলেন, ‘অতিমাত্রায় খরা, তীব্র তাপদাহ, প্রাকৃতিক দুর্যোগ ও পানিসংকটে জর্জরিত বরেন্দ্র অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশি ফলের গাছ শুধু পরিবেশ রক্ষাই করবে না, ভবিষ্যতে মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় মো. আক্কাস, সবজুল, রুবেল ও গ্রিন কোয়ালিশনের সদস্য আলমগীর তালবীজের বিভিন্ন উপকারিতা এবং মোহর গ্রামের বিভিন্ন স্থানে আরও দেশি ফলের বীজ রোপণের বিষয়ে মতামত ও পরামর্শ দেন।
পরে মো. নজরুল ইসলাম অংশগ্রহণকারীদের তালবীজ সংরক্ষণ এবং ভবিষ্যতে পুনরায় বীজ রোপণের আহ্বান জানান। একই সঙ্গে দেশি ফলের বৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করেন।
দৈনিক চেতনার কন্ঠ