মোঃ ইসমাইল হোসেন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে পদ ফিরে পাওয়ার দেড় মাস পর দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নাচোল রেলস্টেশন চত্বরে স্থানীয় বিএনপির উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনাপ্রাপ্ত দুই চেয়ারম্যান হলেন নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সফিকুল ইসলাম এবং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন নাচোল সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নাচোল পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, সাবেক ছাত্রনেতা তৌফিক এবং ইউপি সদস্য শাহজাহান আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।
সাময়িক বরখাস্তের পটভূমি
স্থানীয় সূত্রে জানা যায়, নাচোল উপজেলায় সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির জরিপ কার্যক্রমে গণনাকারী ও সুপারভাইজার পদে নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধের সৃষ্টি হয়। ওই পদগুলোতে জামায়াত ও আওয়ামী লীগের কর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে বিএনপির নিয়োগবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এ ঘটনাকে কেন্দ্র করে নাচোল সদর ও কসবা ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দীর্ঘ দেড় মাস পর বরখাস্তের আদেশ প্রত্যাহার হওয়ায় দুই চেয়ারম্যান তাঁদের পদ ফিরে পান। এ উপলক্ষে স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে তাঁদের গণসংবর্ধনা দেওয়া হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দৈনিক চেতনার কন্ঠ