জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
ফোন:০১৬০৮৭৮৩৫১৫
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি জোরদারে প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় ৫৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
সভায় পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং মোটরসাইকেলের অতিরিক্ত শব্দ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়েও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পূজা চলাকালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইদুল ইসলাম, ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন, প্রেসক্লাবের সভাপতি মো. আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সেলিম মণ্ডল ও উপজেলা প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান বক্তব্য দেন।
এ সময় ওসি (তদন্ত) আবুল কাসেম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দৈনিক চেতনার কন্ঠ