ঢাকা | বঙ্গাব্দ

ড্রেজার বসানো নিয়ে বিরোধ: ব্যবসায়ীর কানে কামড় অভিযোগ বিএনপি নেতা চিশতিয়ার বিরুদ্ধে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
ড্রেজার বসানো নিয়ে বিরোধ: ব্যবসায়ীর কানে কামড় অভিযোগ বিএনপি নেতা চিশতিয়ার বিরুদ্ধে ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নূর মোহাম্মদ, পলাশ, (নরসিংদী):

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বালু ভরাটকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর এবং একপর্যায়ে তার কানে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম সাখাওয়াত হোসেন (৪৮), যার বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, তিনি ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের ভেতরে টি কে গ্রুপের একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে শীতলক্ষ্যা নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের কাজ করছিলেন। সোমবার (১৩ জুলাই) বিকেলে শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার পথরোধ করে এবং জোরপূর্বক তাকে মহিউদ্দিন চিশতিয়ার বাড়িতে নিয়ে যায়।
সাখাওয়াতের দাবি অনুযায়ী, সেখানে তাকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিন চিশতিয়াসহ ৬-৭ জন মিলে মারধর করেন। একপর্যায়ে তাকে না জানিয়ে কেন ড্রেজার বসানো হয়েছে—এমন প্রশ্ন তুলে মহিউদ্দিন তার গলা চেপে ধরেন এবং কানে কামড় দেন। এতে তার কান গুরুতর জখম হয়। পরে ড্রেজার সরিয়ে নেওয়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলে স্থানীয়দের সহায়তায় তিনি হাসপাতালে ভর্তি হন।

আহত ব্যবসায়ী বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, সাখাওয়াতের কানে চারটি সেলাই দিতে হয়েছে এবং বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া সরাসরি কোনো মন্তব্য না করে জানান, তিনি বর্তমানে ড. আবদুল মঈন খানের একটি দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত আছেন এবং পরবর্তীতে ভিডিও বার্তার মাধ্যমে বিস্তারিত জানাবেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ইতিমধ্যে হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির সঙ্গে কথা বলেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
,,

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা