ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুকুর থেকে হারিছ মিয়া (৪৩) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধারপাড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হয়।
নিহত হারিছ মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী জড়ো হন। পরে তারা পুকুর থেকে লাশটি উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে অজ্ঞাত ওই লাশের পরিচয় পিবিআই-এর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিশ্চিত করা হয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, হারিছ মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার (৯ জানুয়ারি) তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। পরিবার থানায় এলে তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।