ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর মহড়া , আইন-শৃঙ্খলায় সর্বোচ্চ সতর্কতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
নির্বাচন ঘিরে ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর মহড়া , আইন-শৃঙ্খলায় সর্বোচ্চ সতর্কতা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর সমন্বিত মহড়া শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমানের নেতৃত্বে এ মহড়া পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত ঈশ্বরগঞ্জ পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে এই মহড়া অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মহড়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, যৌথবাহিনীর এই অভিযানের মূল লক্ষ্য তিনটি—অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা।

ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ডি.এস কামিল মাদরাসা প্রাঙ্গণে সেনাবাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও স্পর্শকাতর স্থানে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। পরিস্থিতি মোকাবেলায় মাঠে রয়েছে পৃথক আভিযানিক দল ও গোয়েন্দা সংস্থার সদস্যরা, যারা যে কোনো সময় দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত।
মহড়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম, সেনা ক্যাপ্টেন আবির, কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহাম্মেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা রনি আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুনিয়া সুলতানা, ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রাম প্রসাদ পালসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঈশ্বরগঞ্জ আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই যৌথবাহিনীর এই মহড়া শুরু করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্থিতিশীল রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। পৌর এলাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এ ধরনের মহড়া অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ঈশ্বরগঞ্জ আসনে ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি গণভোট ও ভোটাধিকার বিষয়ে ভোটারদের সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

এছাড়াও যারা নির্বাচন নিয়ে সন্দেহ, গুজব কিংবা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সময়মতো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ