শীতের ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে গভীর রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২ জন যাত্রী নি.হত হয়েছেন এবং অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার দিবাগত রাত ২টার পর, চাঁদপুরের হাইমচর উপজেলার হামিদচর এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোলার থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এম.ভি জাকির সম্রাট–৩ লঞ্চটি রাতের আঁধার ও ঘন কুয়াশার মধ্যে হাইমচর এলাকা অতিক্রম করছিল। ঠিক সেই সময় ঢাকা থেকে বিএনপির সম্মেলনে অংশগ্রহণকারী যাত্রী নিয়ে বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার–৯ লঞ্চটি দিক নির্ণয়ে ব্যর্থ হয়ে সজোরে ধাক্কা দেয় জাকির সম্রাট–৩ লঞ্চে।
যাত্রীরা অভিযোগ করেন, ঘন কুয়াশা থাকা সত্ত্বেও অ্যাডভেঞ্চার–৯ লঞ্চটি বেপরোয়া গতিতে চলছিল। সংঘর্ষের ফলে জাকির সম্রাট–৩ লঞ্চে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অথচ দুর্ঘটনার পরপরই অ্যাডভেঞ্চার–৯ লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।সংঘর্ষের পর জাকির সম্রাট–৩ লঞ্চটি মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসতে থাকে। এ সময় ভোলা থেকে ঢাকাগামী অপর একটি লঞ্চ এম.ভি কর্ণফুলী–৯ দ্রুত এগিয়ে এসে মানবিকতার পরিচয় দেয়। লঞ্চটির ক্রু ও কর্মীরা তাৎক্ষণিকভাবে অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
নিহতদের মরদেহ এবং গুরুতর আহত অর্ধশতাধিক যাত্রীকে নিয়ে ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট–৩ লঞ্চটি দ্রুত চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যান, যেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নি.হতের সংখ্যা আরও বাড়তে পারে।
দৈনিক চেতনার কন্ঠ