জুনাঈদ আল হাবিব স্টাফ রিপোর্টার্স
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের হেফাজত থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আসামি ছিনিয়ে নেওয়া এবং সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের অভিযোগে ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে।
গ্রেফতার দুজন হলেন—উপজেলার সোহাগী ইউনিয়নের বৈরাটি গ্রামের ওয়াসীম মিয়া (২৬) এবং সরিষা ইউনিয়নের গাংপাড় গ্রামের এমদাদুল হক (৪৫)। শনিবার (২৪ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে আরশাদুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম শাহীন (৩০)কে গ্রেফতার করে সিএনজিচালিত অটোরিকশাযোগে থানায় নিয়ে যাচ্ছিলেন রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
পথে একদল ব্যক্তি পুলিশের গাড়ির গতিরোধ করে পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটি ভাঙচুর করে শাহীনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যান। পরে অভিযান চালিয়ে ওয়াসীম মিয়া ও এমদাদুল হককে গ্রেফতার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
দৈনিক চেতনার কন্ঠ