নাচোল প্রতিনিধিঃ
মোঃ ইসমাইল হোসেন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার গুঠইল (জামাইপাড়া) গ্রামের দীর্ঘদিনের জরাজীর্ণ সড়কের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের নির্দেশনায় সরেজমিনে সড়কটি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমির ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাচোল পৌরসভার সার্ভেয়ার মোঃ আরিফুল ইসলাম। তাঁরা সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং রাস্তার বর্তমান অবস্থা ও স্থানীয়দের চলাচলে সৃষ্ট সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তারা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে কাদা-পানি এবং অন্যান্য সময়ে খানাখন্দের কারণে পথচারী, শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
সড়কটি পরিদর্শন শেষে মোঃ মনিরুল ইসলাম স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে সড়কটির সংস্কারকাজ শুরু করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু করে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।
দৈনিক চেতনার কন্ঠ