জুনাঈদ আল হাবিব বিজ্ঞাপন ব্যবস্থাপ
ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. খোকন (৩৮) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মরাখোলা এলাকার ১ নম্বর স্থান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
আটক মো. খোকন সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মাজনাবাড়ী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। বর্তমানে তিনি ঈশ্বরগঞ্জের মালিহাটি গ্রামে বসবাস করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের সার্বিক দিকনির্দেশনায় এসআই পঙ্কজ চন্দ্র দে সরকারের নেতৃত্বে এএসআই মনোয়ার ও সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. খোকনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।
ইউএনও সানজিদা রহমান বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, মাদকের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত ঈশ্বরগঞ্জ গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক চেতনার কন্ঠ