নাচোল প্রতিনিধিঃ মোঃ ইসমাইল হোসেন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নাচোল উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাচোল ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে এবং নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হামিদুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ নুর কামাল, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দুরুল হোদা, ২ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারিয়া আল মেহরাব, বিএনপি নেতা মোঃ আলাউদ্দীন প্রফেসরসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালি শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি নাচোলের বহিষ্কৃত দুই চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহারেরও জোর দাবি জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জনগণের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে নাচোল উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক চেতনার কন্ঠ