জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার্স
ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজ ও পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে "যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা" স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন, ঈশ্বরগঞ্জের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এর আগে একই দিনে নগরীর নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে Clean Sunday কর্মসূচি ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি জেলার প্রতিটি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহের প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের নির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (Uno) সানজিদা রহমান জানায়, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সবুজ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে "যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা"—এই বার্তাকে দৈনন্দিন জীবনে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ