নিউজ ডেক্স : বাগেরহাটে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা, চোলাই মদ, বিপুলসংখ্যক ছুরি এবং জাল টাকা উদ্ধার করেছে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় পৃথক অভিযানে সর্বমোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাগেরহাট সদর থানার পৌরসভাধীন নাগেরবাজার ও খান জাহান আলী (রহ.)-এর মাজার এলাকায় জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ উদ্যোগে এসব বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৩১৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা (প্রায় ২০০ গ্রাম), ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিস্তার, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং জাল টাকা সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নাগেরবাজার ও খান জাহান আলী (রহ.)-এর মাজার এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি ৫৫টি ছুরি ও জাল টাকা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বাগেরহাট জেলা পুলিশ।
দৈনিক চেতনার কন্ঠ